মুহাম্মাদ আরিফুর রহমান রণি, ঝালকাঠি প্রতিনিধি: নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ঝালকাঠির রাজাপুর উপজেলায় একটি ডেক-স্ল্যাব ব্রিজ ডেবে গিয়ে একদিকে হেলে পড়েছে। এতে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের সাংগর-গোপালপুর সংযোগ সড়কে তিন গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে। ৪২ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ব্রিজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলে এই বিপর্যয় ঘটেছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। বর্তমানে ওই এলাকায় চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে মঙ্গলবার দুপুরে গিয়ে দেখা যায়, শুক্তাগড় ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়ার বাড়ির সামনে নির্মিত ১৬ মিটার দৈর্ঘ্য ও ৩.৭ মিটার প্রস্থের ব্রিজটি মাঝখান থেকে ডেবে গিয়ে একদিকে হেলে আছে। স্থানীয়রা জানান, আগে এখানে একটি পুরনো পাটাতন ব্রিজ ছিল। সেটি ভেঙে নতুন ব্রিজ নির্মাণের কাজ শুরু হলেও শুরুতে অনিয়মের অভিযোগে কাজ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে গত বছরের নভেম্বর মাসে নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে কাজ শুরু করা হয়। কিন্তু নির্মাণ শেষ হওয়ার মাত্র ১৫ দিনের মাথায় পুরো ব্রিজটি ধসে পড়ার উপক্রম হয়েছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, “ব্রিজ দিয়ে ভারী কোনো যানবাহন চলে না, কেবল বাইসাইকেল ও অটোরিকশা চলে। ঢালাইয়ের সময়ই ব্রিজের একাংশ ডেবে গিয়েছিল, তখন সেটি তড়িঘড়ি করে ভেঙে আবার করা হয়। কিন্তু দুর্নীতির কারণে কাজ শেষ হওয়ার আগেই পুরো ব্রিজ এখন হেলে পড়েছে। আমাদের এখন আবার সেই ঝুঁকিপূর্ণ সাঁকোর ওপর নির্ভর করতে হচ্ছে।”
উপজেলা সহকারী প্রকৌশলী আবুল বাশার জানান, ‘শান্ত এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠান প্রায় ৪২ লাখ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ করছে। তবে কাজ শেষ হওয়ার আগেই এই দশার কারণ বা নতুন সাব-ঠিকাদারের নাম তিনি প্রকাশ করতে রাজি হননি। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মো. নুরুল আমিন খান সুরুজ এলাকা থেকে পলাতক থাকায় এবং তার মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে রাজাপুর উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদার বলেন, “ব্রিজটি এখনো ঠিকাদারের কাছ থেকে বুঝে নেওয়া বা হস্তান্তর করা হয়নি। বিষয়টি আমরা গুরুত্বের সাথে তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
বর্তমানে ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী। তারা দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জনস্বার্থে টেকসই ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন।