ফেসবুক পোস্টে সহায়তার আবেদন, ঈদগাঁওয়ে শিকলবন্দি ঢাবি শিক্ষার্থী উদ্ধার

ফেসবুক পোস্টে সহায়তার আবেদন, ঈদগাঁওয়ে শিকলবন্দি ঢাবি শিক্ষার্থী উদ্ধার
শিকলবন্দি অবস্থায় থাকা শিক্ষার্থী -ছবিঃ আনাছুল হক

আনাছুল হক – (কক্সবাজার) ঈদগাঁও : কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে শিকল দিয়ে আটকে রাখার ঘটনা প্রকাশ্যে আসার পর এলাকায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। পরে পুলিশের অভিযানে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের মাধ্যমে জানা গেছে, ভুক্তভোগী ওই শিক্ষার্থী নিজেই “ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চ” নামের একটি ফেসবুক গ্রুপে শিকল পরা নিজের একটি ছবি প্রকাশ করে সাহায্য চান। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহলসহ বিভিন্ন মহলে উদ্বেগ তৈরি হয়।

ঘটনাটি দ্রুত গুরুত্ব পেলে তা ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নজরে আনা হয়। পরবর্তীতে তার নির্দেশে সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোররাত আনুমানিক ৪টার দিকে থানা পুলিশের একটি দল সংশ্লিষ্ট স্থানে অভিযান চালায়। অভিযানে শিকলবন্দি অবস্থায় থাকা শিক্ষার্থীকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

শিক্ষার্থীর নিরাপত্তার স্বার্থে তার নাম-পরিচয় গোপন রাখা হয়েছে। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন এবং প্রাথমিকভাবে নিজেকে নিরাপদ মনে করছেন বলে জানিয়েছেন।

এদিকে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই শিক্ষার্থী কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং তার চিকিৎসাও চলছিল। তবে ভুক্তভোগী অভিযোগ করেছেন, তাকে অকারণে শিকলবন্দি করে নির্যাতন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শিক্ষার্থীর মানসিক ও শারীরিক অবস্থা যাচাই করা হবে। যদি অসুস্থতার বিষয়টি নিশ্চিত হয়, তাহলে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, যদি তিনি সুস্থ বলে প্রমাণিত হন এবং অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি ঘিরে ঈদগাঁও এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

..

Leave a reply

Minimum length: 20 characters ::