মাহবুবুজ্জামান সেতু-নওগাঁ জেলা প্রতিনিধি : সারাদেশে যখন ঈদের আনন্দ কাটেনি, ঠিক তখনই নওগাঁর মান্দায় এক নিদারুণ কষ্টের গল্প ফুটে উঠেছে। দুই কিডনি অকেজো হয়ে শয্যাশায়ী কৃষক আলম (৪৮)। যেখানে সবার ঘরে ঈদের আমেজ, সেখানে আলমের পরিবার লড়ছে জীবন বাঁচানোর এক অসম লড়াইয়ে।
ঈদের পরের দিন আজ রোববার দুপুরে উপজেলার গণেশপুর ইউনিয়নের দক্ষিণ পারইল গ্রামে অসুস্থ আলমের বাড়িতে গিয়ে তার পাশে দাঁড়িয়েছেন মান্দা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. জামিলা আক্তার ফেন্সি। তিনি আলমের হাতে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা তুলে দেন।
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল মান্দা উপজেলা শাখার সভাপতি এমদাদুল হক সুলতান, দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, প্রকাশনা ও সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক সোহাগ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দক্ষিণ পারইল গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে আলম পেশায় একজন কৃষক। মাত্র ৩ শতক জমির ওপর একটি ভাঙাচোরা ঘরে সপরিবারে তার বসবাস। বড় ছেলে আরাফাতের বয়স ১৮ বছর এবং মাত্র ১০ মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে তার।
সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি আজ বিছানায় পড়ে থাকায় পুরো পরিবারটি দিশেহারা। ঈদের দিনও যেখানে ভালো একমুঠো খাবারের সংস্থান করা কঠিন ছিল, সেখানে চিকিৎসার ব্যয় মেটানো যেন পাহাড়সম বাধা।
আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে জামিলা আক্তার ফেন্সি বলেন, ‘ঈদের খুশির এই সময়েও আলম ভাইয়ের পরিবারে অন্ধকার নেমে এসেছে। একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি সাধ্যমতো চেষ্টা করেছি, তবে তার পূর্ণ চিকিৎসার জন্য সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসা জরুরি।’
কৃষকদল নেতা এমদাদুল হক সুলতান বলেন, ‘আলমের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। দ্রুত উন্নত চিকিৎসা না পেলে একটি পরিবার ধ্বংস হয়ে যাবে। আমরা যেটুকু পেরেছি করেছি, কিন্তু বড় পরিসরে সহায়তা প্রয়োজন।’
..