কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২, পৃথক তদন্ত কমিটি গঠন

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২, পৃথক তদন্ত কমিটি গঠন
ছবিঃ খবরের কাগজ

সমাচার ডেস্ক : কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড রেল ক্রসিংয়ে ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরগামী মামুন স্পেশাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৭৭৮৩) চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেইল ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ৬ জন পুরুষ ও ৬ জন নারীসহ মোট ১২ জন নিহত হন।

দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ৫ জন চিকিৎসাধীন রয়েছেন এবং ১৮ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন এবং দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়া হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার, রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

দুর্ঘটনার কারণে কিছু সময় বিঘ্ন ঘটলেও বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। রেললাইন ক্লিয়ার করে ট্রেন চলাচলও স্বাভাবিক করা হয়েছে। সকাল ৭টা ১৮ মিনিটে কুমিল্লা স্টেশন থেকে ২ ডাউন ট্রেন চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে।

এ ঘটনায় কারণ অনুসন্ধানে রেলওয়ে কর্তৃপক্ষ দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন—এডি বিআরটিএ, হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ, কুমিল্লা স্টেশনের স্টেশন মাস্টার এবং ফায়ার সার্ভিসের প্রতিনিধি।

রেলওয়ের বিভাগীয় তদন্ত কমিটি:
আনিসুর রহমান (আহ্বায়ক), আবু রাফি মোহাম্মদ ইমতিয়াজ হোছাইন, মো. রেজওয়ান-উল-ইসলাম, মো. আশিকুর রহমান, ডা. তাহামিনা ইয়াছমিন ও মো. শহীদ উল্লাহ।

জোনাল তদন্ত কমিটি:
মোহাম্মদ সফিকুর রহমান (আহ্বায়ক), মো. তানভিরুল ইসলাম, সাদেকুর রহমান, তারেক মোহাম্মদ শামছ তুষার, ডা. ইবনে সফি আব্দুল আহাদ ও মো. জহিরুল ইসলাম।

দুর্ঘটনার প্রাথমিক তদন্তে দায়িত্বে অবহেলার অভিযোগে গেইটম্যান মেহেদী হাসান ও মো. হেলাল উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) রেজাউল করিম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

 

..

Leave a reply

Minimum length: 20 characters ::