যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ বার্ষিক ‘ফ্রিডম শিল্ড’ সামরিক মহড়া শেষ

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ বার্ষিক ‘ফ্রিডম শিল্ড’ সামরিক মহড়া শেষ
উত্তর কোরিয়াকে ঘিরে উত্তেজনার মধ্যে ১১ দিনব্যাপী মহড়ায় অংশ নিয়েছে প্রায় ১৮ হাজার সেনা সদস্য-

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়াকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া তাদের বার্ষিক ‘ফ্রিডম শিল্ড’ সামরিক মহড়া সম্পন্ন করেছে। বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

১১ দিনব্যাপী এই মহড়ায় যুদ্ধকালীন বিভিন্ন পরিস্থিতির অনুকরণ করা হয় এবং স্থল, নৌ, আকাশসহ সব ক্ষেত্রে যৌথ সামরিক সক্ষমতা ও প্রস্তুতি জোরদার করা হয়েছে বলে দুই দেশ এক যৌথ বিবৃতিতে জানিয়েছে।

মহড়ায় প্রায় ১৮ হাজার সেনাসদস্য অংশ নেন। তবে মাঠপর্যায়ের মহড়ার সংখ্যা কমিয়ে গত বছরের ৫১টি থেকে এ বছর প্রায় ২২টিতে নামিয়ে আনা হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভাব্য কূটনৈতিক প্রচেষ্টাকে সহায়তা করতে মহড়াগুলো সারা বছরজুড়ে ছড়িয়ে দেওয়া হবে।

এ মহড়ার মাধ্যমে যুদ্ধকালীন অপারেশনাল নিয়ন্ত্রণ (ওপকন) ওয়াশিংটন থেকে সিউলের হাতে হস্তান্তরের উপযোগিতা যাচাই করা হয়েছে, যা দক্ষিণ কোরিয়া সরকারের দীর্ঘদিনের একটি লক্ষ্য।

অন্যদিকে, উত্তর কোরিয়া এই মহড়াকে “আক্রমণের মহড়া” হিসেবে আখ্যা দিয়ে এর তীব্র সমালোচনা করেছে। মহড়ার সময় দেশটি একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপও চালায়।

সূত্র: আনাদোলু এজেন্সি

 

 

..

Leave a reply

Minimum length: 20 characters ::