মিলন ইসলাম (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সামাজিক ও মানবিক কার্যক্রমে সাংবাদিকদের সম্পৃক্ততা বাড়ানো এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আয়োজন করে হাউজ অব মান্নান চ্যারিটেবল ট্রাস্ট ও প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠন। এতে শাহজাদপুর উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের পরিচালক শাহবাজ খান সানি। তিনি বলেন,
“সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। মানবিক কাজগুলো মানুষের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা সমাজের বাস্তব চিত্র তুলে ধরে সচেতনতা সৃষ্টি করেন।”

তিনি আরও বলেন, সমাজের কল্যাণে ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং এ কাজে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।
আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সাংবাদিক ও অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।