ঈদকে সামনে রেখে নৌপথে নিরাপত্তা জোরদার – টহলে কোস্ট গার্ড পূর্ব জোন

ঈদকে সামনে রেখে নৌপথে নিরাপত্তা জোরদার – টহলে কোস্ট গার্ড পূর্ব জোন
ঈদে নৌপথে যাত্রীদের সচেতন করছেন কোস্ট গার্ড সদস্য-ছবিঃ ফরহাদ রহমান

ফরহাদ রহমান -টেকনাফ প্রতিনিধি : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন। চট্টগ্রাম ও কক্সবাজারের গুরুত্বপূর্ণ লঞ্চ ও খেয়াঘাটে টহল, তল্লাশি ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে বাহিনীটি।

বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে নিরাপত্তা প্রদান, আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ, বনজ ও মৎস্যসম্পদ সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তা প্রদান করে আসছে। বিশেষ করে সেন্টমার্টিন দ্বীপের জীববৈচিত্র্য সংরক্ষণ, জেলেদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্র ও নদীপথে অবৈধ কার্যক্রম প্রতিরোধে কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কোস্ট গার্ড পূর্ব জোনের অধীনস্থ জাহাজ ও উচ্চগতির বোট উপকূলীয় এলাকায় নিয়মিত টহল ও নজরদারি চালাচ্ছে। একই সঙ্গে জরুরি পরিস্থিতি মোকাবিলায় কিউআরএফ ও ডাইভিং টিম মোতায়েন রাখা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, কোস্ট গার্ডের নিরলস প্রচেষ্টায় চট্টগ্রাম বন্দর বর্তমানে ঝুঁকিপূর্ণ বন্দরের তালিকা থেকে বেরিয়ে একটি নিরাপদ বন্দরে পরিণত হয়েছে।

এদিকে উপসাগরীয় অঞ্চলের যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন দেশ থেকে বহিঃনোঙরে আগত তেলবাহী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের জাহাজ সার্বক্ষণিক টহলে নিয়োজিত রয়েছে।

কোস্ট গার্ড পূর্ব জোন জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত পরিচালিত বিভিন্ন বিশেষ অভিযানে ১৪টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১৬টি দেশীয় ধারালো অস্ত্র, ৪ রাউন্ড তাজা গোলা, ৬৯ রাউন্ড তাজা কার্তুজ ও ৬ রাউন্ড ফাঁকা কার্তুজসহ ৩৫ জন ডাকাত ও জলদস্যুকে আটক করা হয়েছে।

একই সময়ে মাদকবিরোধী অভিযানে প্রায় ৫০ কোটি টাকা মূল্যের ৬ লাখ ৭০ হাজার পিস ইয়াবা, ২ কেজি ২৫০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৩৯ জন মাদক কারবারিকে আটক করা হয়। এছাড়া সমুদ্রে ডাকাতদের কবলে জিম্মি থাকা ৩২ জন জেলেকে জীবিত উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সমুদ্রপথে মালয়েশিয়ায় মানবপাচার রোধে পরিচালিত অভিযানে নারী, পুরুষ ও শিশুসহ ২৭৪ জন অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে এবং ২৫ জন মানবপাচারকারীকে আটক করা হয়েছে বলে জানায় কোস্ট গার্ড।

রমজান মাসকে কেন্দ্র করে ভোজ্য তেল ও খাদ্যদ্রব্যের কৃত্রিম সংকট সৃষ্টি রোধে চট্টগ্রাম বহিঃনোঙরে বিভিন্ন অয়েল ট্যাংকার ও লাইটার জাহাজে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়েছে। এতে বাজারে খাদ্যপণ্যের কৃত্রিম সংকট প্রতিরোধ করা সম্ভব হয়েছে এবং মূল্য স্থিতিশীল রাখতে সহায়ক ভূমিকা রেখেছে বলে দাবি করা হয়।

আসন্ন ঈদকে সামনে রেখে চট্টগ্রাম জেলার সদরঘাট, বাংলাবাজার ঘাট, কর্ণফুলি ঘাট, ব্রিজ ঘাট, কুমিরা ঘাট ও গুপ্তছড়া ঘাট এবং কক্সবাজার জেলার কক্সবাজার ৬ নম্বর ঘাট, বিআইডব্লিউটিএ ঘাট, আদিনাথ মন্দির ঘাট, মগনামা ঘাট, বড়ঘোপ ঘাট ও দরবার ঘাটে বিশেষ নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে। এসব ঘাটে টহল প্রদান, জনসচেতনতা বৃদ্ধিতে মাইকিং, লিফলেট বিতরণ, অতিরিক্ত যাত্রী বহন রোধ, লাইফ জ্যাকেটসহ জীবনরক্ষাকারী সরঞ্জাম ব্যবহার নিশ্চিতকরণ এবং সন্দেহজনক ব্যক্তি ও নৌযানে তল্লাশি চালানো হচ্ছে।

কোস্ট গার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ শাহীন মজিদ বলেন, ঈদ উপলক্ষ্যে যাত্রীদের নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে কোস্ট গার্ড সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ঈদ পরবর্তী সময় পর্যন্ত এ ধরনের নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, দেশের সুনীল অর্থনীতিকে সমৃদ্ধ করতে সমুদ্র, উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও নিয়মিত কার্যক্রম পরিচালনা করবে।

 

..

Leave a reply

Minimum length: 20 characters ::