মোঃ মুকুল হক,চাঁপাইনবাবগঞ্জ: দীর্ঘদিন ধরে কৃষকের ছদ্মবেশে আত্মগোপনে থাকা মাদক মামলার একাধিক ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। শিবগঞ্জ থানার চৌকস অফিসার এসআই পিয়ারুল ইসলাম (পিপিএম)-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামির নাম মোঃ শাহ আলম। তিনি মোঃ শফিকুল আলমের ছেলে। তার বাড়ি উপর চাকপাড়া গ্রামে, শাহবাজপুর ইউনিয়নে। দীর্ঘদিন ধরে তিনি কৃষকের ছদ্মবেশ ধারণ করে এলাকায় আত্মগোপনে ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চলছিলেন।
পুলিশের নথি অনুযায়ী, তার বিরুদ্ধে মোট ০৫টি জিআর ওয়ারেন্ট ছিল। এর মধ্যে ০৪টি জিআর ওয়ারেন্ট এবং ০১টি জিআর সাজা ওয়ারেন্ট রয়েছে। সবগুলো ওয়ারেন্টই মাদক সংক্রান্ত মামলার সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাকে গ্রেফতারের জন্য পুলিশের পক্ষ থেকে নজরদারি অব্যাহত ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই পিয়ারুল ইসলাম (পিপিএম) অভিযান পরিচালনা করে অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হন। পুলিশের এই সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানান।
শিবগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানে শিবগঞ্জ থানা পুলিশের এমন তৎপরতাকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।