কমলগঞ্জে নারী অপহরণ চেষ্টার রহস্য উদঘাটন-প্রাইভেটকারসহ গ্রেফতার ৩

কমলগঞ্জে নারী অপহরণ চেষ্টার রহস্য উদঘাটন-প্রাইভেটকারসহ গ্রেফতার ৩

সৈয়দ তানভীর আহমেদ – কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে দিনেদুপুরে এক নারীকে অপহরণ চেষ্টার ঘটনায় চাঞ্চল্যকর রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনার মাত্র ১৮ ঘণ্টার ব্যবধানে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

এসময় অপহরণ কাজে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকারও (ঢাকা মেট্রো-ক-০৩-৯৪৯৪) জব্দ করা হয়।

গত ৮ মার্চ ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে কমলগঞ্জের দক্ষিণ বালিগাঁও এলাকার বাসিন্দা ফাতেমা পারভেজ নিশি (২৯) শ্রীমঙ্গল যাওয়ার উদ্দেশ্যে স্থানীয় বটতলা বাজারে অপেক্ষা করছিলেন। এসময় ভানুগাছ থেকে আসা একটি সাদা প্রাইভেটকারের চালক তাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন।

প্রস্তাব প্রত্যাখ্যান করে ভুক্তভোগী নারী নিজ বাড়ির দিকে হাঁটতে শুরু করলে গাড়িটি তাকে অনুসরণ করে নির্জন রাস্তায় ঢুকে পড়ে। একপর্যায়ে গাড়ি থেকে এক যুবক নেমে এসে ভুক্তভোগীর মুখ চেপে ধরে জোরপূর্বক গাড়িতে তোলার চেষ্টা চালায়। তবে সাহসিকতার সাথে ধস্তাধস্তি করে তিনি নিজেকে মুক্ত করতে সক্ষম হন এবং নিরাপদ স্থানে আশ্রয় নেন। ব্যর্থ হয়ে অপহরণকারীরা দ্রুত শ্রীমঙ্গলের দিকে পালিয়ে যায়।

এ ঘটনায় গত ৯ মার্চ কমলগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নং-০৭) দায়ের করা হয়। মৌলভীবাজার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১০ মার্চ সিলেট মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন— কুলাউড়া থানার শ্রীপুর গ্রামের জাকির মিয়া (২৬), মৌলভীবাজার পৌরসভার সৈয়ারপুর এলাকার কাওছার আহমদ (৩৪) এবং গুলবাগ এলাকার জসিম মিয়া (৩৬)। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিলেট মহানগরীর সোবহানীঘাট এলাকার একটি কমিউনিটি সেন্টারের ভেতর থেকে ব্যবহৃত গাড়িটি উদ্ধার করে পুলিশ।

কমলগঞ্জ থানা পুলিশ জানায়, জননিরাপত্তা বিঘ্নিতকারী এই চক্রটিকে দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। ঘটনার সাথে অন্য কারো সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখতে অধিকতর তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::