দিনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, রাতে চেক জালিয়াতি মামলায় শ্রমিকদলের সহ-সভাপতি গ্রেফতার

দিনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, রাতে চেক জালিয়াতি মামলায় শ্রমিকদলের সহ-সভাপতি  গ্রেফতার

(কক্সবাজার) ঈদগাঁও প্রতিনিধি : কক্সবাজারের ঈদগাঁওয়ে দিনে নিজেকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারণা চালালেও একই রাতেই চেক জালিয়াতি মামলায় গ্রেফতার হয়েছেন জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ আলমগীর।

রবিবার (৮ মার্চ) ভোররাতে ঈদগাঁও থানার এএসআই হিমেল বড়ুয়ার নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত আলমগীর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের সাত জোলাকাটা গ্রামের মোঃ আলতাজ মিয়ার ছেলে। তিনি জেলা শ্রমিক দলের সহ-সভাপতি বলে নিশ্চিত করেছেন জেলা শ্রমিক দল সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ রফিকুল ইসলাম।

এলাকাবাসী জানান, প্রবাসফেরত আলমগীর সম্প্রতি নিজেকে ইসলামাবাদ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। শনিবারও তিনি এলাকায় প্রচারণা চালান। তবে দিনভর চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারণা চালানোর পর রাতেই পুলিশের হাতে গ্রেফতার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, ধৃত আলমগীর একজন সাজাপ্রাপ্ত আসামি। চেক জালিয়াতি মামলায় এর আগেই আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও ৫০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। ওই মামলার সাজা পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, আইন এড়িয়ে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন আলমগীর। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::