কেরানীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ স্ট্যান্ডে তীব্র যানজট

কেরানীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ স্ট্যান্ডে তীব্র যানজট
মোহাম্মদ শাহিন,কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় ফুটপাত দখল, অবৈধ দোকানপাট ও যানবাহনের  স্ট্যান্ডের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়ছেন পথচারী ও যানবাহনের যাত্রীরা। গুরুত্বপূর্ণ ঢাকা–মাওয়া মহাসড়কের আব্দুল্লাহপুরের সার্ভিস লেনে সকাল থেকে রাত পর্যন্ত প্রায়ই যানজট লেগে থাকতে দেখা যায়।
সরেজমিনে দেখা গেছে, আব্দুল্লাহপুরে ফুটপাত দখল করে সারি সারি দোকান বসানো হয়েছে। এতে পথচারীরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বাধ্য হয়ে অনেককে সড়কে নেমে চলাচল করতে হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
ফুটপাতের পাশেই সড়কের বড় অংশজুড়ে বসেছে ভ্রাম্যমাণ দোকান। কোথাও কাঁচামাল, কোথাও স্ট্রিট ফুড় ও ফলের দোকান বসিয়ে বেচাকেনা চলছে। এ ছাড়া সড়কে রিকশা ও অটোরিকশা পার্ক করে রাখার কারণে যান চলাচল আরও ব্যাহত হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যত্রতত্র গাড়ি পার্কিং, ফুটপাত দখল এবং সড়কের মোড়ে মোড়ে সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ডের কারণে প্রায় সারাদিনই যানজট তৈরি হয়। এতে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে আব্দুলাহপুর ট্রাফিক ইন্সপেক্টর জহুরুল হক বলেন, যানজট নিরসনে ট্রাফিক পুলিশ নিয়মিত কাজ করছে। বিশেষ করে ফুটপাত হকারমুক্ত রাখতে অভিযান পরিচালনা করা হয়। তবে উচ্ছেদের পর অনেক সময় তারা আবারও সেখানে বসে পড়ে। শহরকে যানজটমুক্ত রাখতে স্থানীয় জনপ্রতিনিধি, পরিবহন মালিক ও সবার সহযোগিতা প্রয়োজন।
..

Leave a reply

Minimum length: 20 characters ::