কোর্ট রিপোর্টার: ঢাকায় রাজধানীর উত্তরায় ১১ বছর বয়সী এক গৃহকর্মী শিশুকে নির্যাতনের অভিযোগে করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সদ্য সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিকুর রহমান ওরফে মো: সাফিকুর রহমানসহ চার আসামিকে বিভিন্ন মেয়াদের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, মামলার এক নম্বর আসামি শফিকুর রহমান ওরফে মো: সাফিকুর রহমানের স্ত্রী বিথীকে সাত দিনের রিমান্ড, দুই নম্বর আসামি সাফিকুর রহমানকে পাঁচ দিনের রিমান্ড, তিন নম্বর আসামি গৃহকর্মী রুপালী খাতুনকে পাঁচ দিনের রিমান্ড এবং চার নম্বর আসামি মোছা. সুফিয়া বেগমকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, শিশু মোহনা নামে এক গৃহকর্মীকে অমানবিকভাবে শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ২ ফেব্রুয়ারি দিবাগত রাত প্রায় সাড়ে ৩টার দিকে রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টরের একটি বাসা থেকে শফিকুর রহমান ওরফে মো: সাফিকুর রহমান, তার স্ত্রী এবং আরও দুজনকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গৃহকর্মী নির্যাতনের অভিযোগে মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ বলেন, ভুক্তভোগী শিশুর বাবা মোস্তফা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে শিশুটিকে গুরুতর শারীরিক নির্যাতন ও অমানবিক আচরণের অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। তদন্তের স্বার্থে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এ ঘটনায় শিশু নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলার পরবর্তী কার্যক্রম ও তদন্তের অগ্রগতি পর্যবেক্ষণে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।