ফরহাদ রহমান ,টেকনাফ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করতে প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং এ নিয়ে কোনো ধরনের আশঙ্কা নেই বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ আঃ মান্নান।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি ২০২৬) টেকনাফ উপজেলায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম সুচারুভাবে পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা দায়িত্ব পালনে আত্মবিশ্বাসী এবং পেশাদারিত্বের সঙ্গে নির্বাচন পরিচালনায় সক্ষম। আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা হয়েছে। ফলে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে কোনো ধরনের ঝুঁকি বা শঙ্কা দেখছেন না তিনি।
তিনি আরও বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো অনিয়ম কঠোর হাতে দমন করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইমামুল হাফিজ নাদিম, সহকারী কমিশনার (ভূমি) জনাব রাকিব হাসান চৌধুরী এবং টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ সাইফুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।