সমাচার ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার নির্বাচনি প্রচারে অংশ নেওয়ার অভিযোগে সরাইল উপজেলা বিএনপির ছয় নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার সকালে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে সরাইল উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আফজাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য উসমান খান, অরুয়াইল ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য মনোয়ার হোসেন, সরাইল সদর ইউনিয়ন বিএনপির সদস্য জাকির হোসেন ও মুকুল হোসেন এবং কালীকচ্ছ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন অর রশিদকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে একই অভিযোগে গত বুধবার শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি স্থগিত করা হয়। এছাড়া গত মঙ্গলবার শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকসহ ছয় নেতাকে দল থেকে বহিষ্কার করে উপজেলা বিএনপি।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরুর পর থেকেই এই ছয় নেতা প্রকাশ্যে ও গোপনে রুমিন ফারহানার নির্বাচনি কার্যক্রমে যুক্ত ছিলেন।
এ বিষয়ে কালীকচ্ছ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন অর রশিদ আমার দেশকে বলেন,‘এত দিন নীরবে রুমিন ফারহানার পক্ষে কাজ করেছি। এখন বহিষ্কার হওয়ায় প্রকাশ্যেই কাজ করব। দলকে ভালোবাসি বলেই যোগ্য প্রার্থীর পাশে আছি। আমরা যোগ্য প্রার্থীকে সংসদে পাঠাতে চাই।’
জেলা বিএনপির সহসভাপতি ও সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর আমার দেশকে বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে এখনো আনুষ্ঠানিক কাগজপত্র হাতে পাইনি। দলীয় শৃঙ্খলা তারা মানছিলেন না—এমনটাই আমাদের কাছে তথ্য রয়েছে।’
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ থেকেই ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে সক্রিয় ছিলেন রুমিন ফারহানা। তিনি একাদশ সংসদে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং দলের আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ছিলেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় তাঁকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। এবার তিনি ‘হাঁস’ প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
এ আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জুনায়েদ আল হাবিব। তাঁর প্রতীক ‘খেজুরগাছ।
ব্রাহ্মণবাড়িয়া–২,সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক,বিএনপি