কলকাতা: বিদায়ের আগে কলকাতায় জেঁকে বসেছে শীত। উত্তরের হিমেল হাওয়া ও কুয়াশায় তাপমাত্রার পারদ ক্রমেই নামছে নিচে।রোববার (২৪ জানুয়ারি) সকালে কলকাতার আকাশে দেখা দেয় ঘনকুয়াশা। এতে গাড়ি ভোগান্তিতে পড়েন যানবাহন চালকরা। দুর্ঘটনা এড়াতে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জায়গায় ধীর গতিতে যান চলাচল করছে। পাশাপাশি, কুয়াশার কারণে কলকাতা বিমানবন্দরে প্লেন ওঠানামায় ধীরগতি দেখা গেছে।এর আগে শনিবার (২৩ জানুয়ারি) কলকাতা বিমানবন্দরে ভারতীয় সময় সকাল সাতটার পর থেকে কিছু সময় বন্ধ ছিল প্লেন ওঠানামা।গত দুদিনের তুলনায় তাপমাত্রা নেমেছে কলকাতার জেলাগুলোতে। পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বাংলানিউজকে জানান, উত্তরের হিমেল হাওয়া বজায় থাকায় শীতের আমেজ বেড়েছে। তবে শীতের দাপট বেশি দিন স্থায়ী হবে না। আগামী সপ্তাহের শুরুতে তাপমাত্রা বাড়তে পারে।গত বছরের শেষের কয়েকদিন তাপমাত্রা এতটাই বেড়েছিল তাতে অনেকেই মনে করেছিলেন শীত বুঝি বিদায় নিয়েছে। কিন্তু সেই ধারণাকে ভুল প্রমাণ করে আবারও কলকাতাসহ পশ্চিমবঙ্গে বেড়েছে শীতের তীব্রতা।গত এক দশকের পরিসংখ্যানে দেখা যাচ্ছে এবারের শীতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল নয় ডিগ্রি সেলসিয়াস।